শামীম ওসমান ও তার পরিবারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শিক্ষার্থী আন্দোলন দমনে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ অভিযোগ গ্রহণ করে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে গ্রেফতারের নির্দেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হন, যাদের মধ্যে রিয়া গোপও ছিলেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে আগে থেকেই পরিকল্পনা করা হয় এবং বিভিন্ন স্থাপনা থেকে অস্ত্র সংগ্রহ করে মাঠে নামা হয়।
ট্রাইব্যুনালে উপস্থাপিত তথ্য অনুযায়ী, রাজনৈতিক উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগের পর শামীম ওসমান নিজেও অস্ত্র নিয়ে অভিযানে অংশ নেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

মতামত দিন