পাবনায় আলোচিত হত্যা ও হাতকাটা মামলার আসামি ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার।
পাবনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জাহিদুল ইসলাম, যিনি এলাকায় ‘কিলার জাহিদ’ নামে পরিচিত।
শুক্রবার গভীর রাতে পাবনা শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার ব্যবহৃত কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আটক জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত বাচ্চু সরদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অবস্থান করছিলেন জাহিদ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, ১২ বোর কার্তুজ, একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, একটি .২২ বোর রিভলভারের চেম্বার, তিনটি ট্রিগার, লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়।
ডিবির ধারণা, এসব সরঞ্জাম ব্যবহার করে জাহিদ নিজেই অস্ত্র তৈরি বা মেরামতের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ আরও জানায়, জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালে সংঘটিত হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা মামলা এবং হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কেটে নেওয়ার মামলাসহ একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মতামত দিন