অপরাধ
ছবি: সংগৃহীত

গভীর রাতে রায়েরবাজারে কিশোর গ্যাং দমন, অস্ত্রসহ আটক ৯।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য ঠেকাতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ক্যানসার গলি কেন্দ্রিক এলাকায় টানা তল্লাশি চালানো হয়। সেনাসংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ পাওয়ার পরই বসিলা ক্যাম্প থেকে একাধিক দল পাঠানো হয়।

এর আগে সন্ধ্যার দিকে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষের একটি প্রতিবাদ কর্মসূচি হয়। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে একটি গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে সেনাবাহিনীর হটলাইনে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে রাত সাড়ে ১২টার পর চারটি আভিযানিক দল পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে বড় আকৃতির ছুরি ও সামুরাই জাতীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় ভয়ভীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একজন সেনা কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় পৃথকভাবে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।

অভিযানের পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সময়মতো পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল।

মতামত দিন