অপরাধ
ছবি: সংগৃহীত

দুদকের আবেদনে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতি ও মানিলন্ডারিং অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মালিকানাধীন বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জব্দের তালিকায় রাজধানী ঢাকার ডিওএইচএস এলাকায় অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জ জেলায় থাকা আরও দুটি বাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ঢাকা ও মানিকগঞ্জ মিলিয়ে মোট ৪৭৪ শতাংশ জমিও আদালতের জব্দাদেশের আওতায় এসেছে।

বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, অনুসন্ধান চলমান থাকায় এসব সম্পত্তি হস্তান্তর বা বিক্রি ঠেকাতেই আদালতের মাধ্যমে জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে মমতাজ বেগম কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে পৃথকভাবে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি আদালতের হেফাজতে নেওয়া প্রয়োজন।

মতামত দিন