অপরাধ
ছবি: সংগৃহীত

একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ‘ট্যাটো সোহেল’ গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

গভীর রাতে চাতরী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে মো. সোহেল (২৮) নামের এক যুবক, যিনি দীর্ঘদিন ধরে আনোয়ারা এলাকায় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে খোঁজে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর।

পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) রাতের অভিযানে মহতরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে এবং এলাকায় ‘ট্যাটো সোহেল’ নামে পরিচিত।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, কান্দরিয়া খালের ওপর স্লুইসগেট নির্মাণকাজ শুরুর পর একটি চক্র ঠিকাদারি কাজে বাধা সৃষ্টি করতে সক্রিয় হয়। ওই চক্র ঠিকাদার পক্ষের কাছে বড় অঙ্কের অর্থ ও একটি মোটরসাইকেল দাবি করে চাপ প্রয়োগ করে আসছিল। অভিযোগ রয়েছে, এই তৎপরতায় সোহেল সরাসরি যুক্ত ছিলেন।

গত ৫ জানুয়ারি নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং নির্মাণসামগ্রী এলোমেলো করার ঘটনা ঘটে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শাহিন খান থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেলসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ১০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিভিন্ন মামলার কারণে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি জানান, মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন