অপরাধ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়েবসাইটে প্রকাশ করল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) গত বছরের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় প্রকাশ করেছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিষয়ে সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত রায়টি মোট ৪৫৭ পৃষ্ঠার, যা ট্রাইব্যুনালের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। এতে অভিযোগ, প্রমাণ, সাক্ষ্য এবং বিচারপতির বিশ্লেষণের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১৭ নভেম্বর, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই দুই প্রাক্তন নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। মামলার আনুষ্ঠানিক কার্যক্রম অনুযায়ী, ১ জুন প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ দাখিল করে। পরে ১০ জুলাই এসব অভিযোগ গঠন করা হয়।

আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল— গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জন আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনা।

সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন। এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি মামুন অভিযোগ গঠনের দিন গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান।

মতামত দিন