কেরানীগঞ্জে র্যাবের ছদ্মবেশে ডাকাতি,পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার।
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের পোশাকে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে করে আসা ডাকাতদল র্যাবের পোশাক পরে রুহিতপুর তুলসিখালী এলাকায় একটি যাত্রীবাহী বাস থামায়। যাত্রীদের টার্গেট করে ডাকাতরা বাস থেকে দুইজনকে জোর করে নামিয়ে ফেলে। একজন যাত্রী ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যান পাশের পুকুরে ঝাঁপ দিয়ে, অন্যজনকে মারধর করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
খবর পেয়ে পুলিশ ওই এলাকার একটি মোড়ে চেকপোস্ট বসিয়ে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটকে দেয়। তবে চালক পালিয়ে গেলেও বাকিদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—রুবেল, আরিফ, শরিফুল, উৎপল এবং দুলু। অভিযানে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র্যাব লেখা দুটি জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লেজার লাইট, ইলেকট্রিক শক মেশিন, লাঠি, ছুরি, রশি ও ভুয়া নম্বরপ্লেট।
পুলিশ জানায়, এদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মতামত দিন