মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার আটক।
মানিকগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এক গৃহবধূর ওপর ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত দুই সদস্যকে আটক করেছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের বরাতে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে রাতের দিকে নিরাপদ আশ্রয়ের জন্য ওই জেনারেল হাসপাতালে পৌঁছান ভুক্তভোগী এবং তার স্বামী। হাসপাতালের দোতলায় বসার পর দুই আনসার সদস্য তাদের পরিচয় জানতে চেয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এরই মধ্যে একজন আনসার নারীকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার ওপর ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে স্বামী সদর থানায় অভিযোগ দায়ের করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত দুই আনসারকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর সকল দায়িত্বরত আনসারকে ডাকিয়ে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে পুলিশ তাদের আটক করে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভুক্তভোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল পর্যবেক্ষণে রয়েছেন।
মতামত দিন