অপরাধ
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনের পরই ফাঁদে পড়লেন যুবলীগ নেতা, বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের হাতে আটক হয়েছেন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা (৩৬)। দলীয় পদ ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি বিয়ের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর মাল্টিপারপাস মার্কেট এলাকায় এ গ্রেফতার অভিযান চালানো হয়। লেলিন সাহা স্থানীয় পাটগাতী গ্রামের বাসিন্দা এবং পরিমল সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এক আওয়ামী লীগ কর্মীকে আটক থেকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে লেলিন সাহার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার এড়াতে বিভিন্নভাবে তৎপর ছিলেন লেলিন সাহা। এর অংশ হিসেবে শনিবার দুপুরে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করেন।

তবে এই পদত্যাগ ঘোষণার পরও আইনি ঝুঁকি কাটেনি। সংবাদ সম্মেলন শেষে তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লেলিন সাহাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মামলার আসামি হিসেবে গ্রেফতার এড়াতে লেলিন সাহা বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করছিলেন। গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, পুলিশের ওপর হামলার ওই মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মতামত দিন