বুড়িচংয়ে ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে অন্তঃসত্ত্বা নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা।
কুমিল্লার বুড়িচংয়ে ব্যবহৃত ডায়াপারকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা ফাহিমা আক্তার (২৫) খুন হয়েছেন। হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুরে বাড়ির উঠোনে শিশুদের ব্যবহৃত একটি ডায়াপার নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর ফাহিমা গোসল করতে ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তার ৪-৫ সহযোগীর সঙ্গে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ফাহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
ফাহিমার চিৎকারে তার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
মতামত দিন