অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় গভীর রাতে গুলিতে প্রাণ গেল যুবকের।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আব্দুল রাশেদ বিকুল।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল রাশেদ বিকুল খুলনার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা এলাকায় অবস্থানকালে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহত বিকুল স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় গুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে বিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন