ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন বিমানবন্দর থেকে গ্রেপ্তার।
দেশ ছাড়ার আগ মুহূর্তে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে আটক করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতা, গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি শাহ জালাল। মোট ছয়টি মামলায় তার নাম রয়েছে। এসব ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, গ্রেপ্তারের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। আনুষ্ঠানিক যাচাই শেষে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।
শাহ জালাল আহমেদ শাওনের বাড়ি নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকায়। তিনি আবুল হাসিমের ছেলে। ২০২২ সালের জুলাইয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন তিনি। এর আগে জেলা ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগে সাংগঠনিক দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে হাজির করা হবে।

মতামত দিন