আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: ডাক্তার না আসায় ওয়ারেন্ট।
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। মঙ্গলবার (৬ মে) নির্ধারিত তারিখে সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসক আদালতে অনুপস্থিত থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগেও সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও সংশ্লিষ্ট দুই চিকিৎসক আদালতে হাজির হননি। ফলে আদালত এবার তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাগুরার বিচারক এম জাহিদ হাসান আগামীকাল বুধবার (৭ মে) নতুন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
এদিকে, মঙ্গলবার সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মামলার প্রধান আসামি হিটু শেখসহ অন্যান্য আসামিদের আদালতে আনা হয়।
প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মতামত দিন