ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম চেষ্টাতেই জনতার হাতে ধরা দুই যুবক।
ঝিনাইদহের কালীগঞ্জে ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথমবারের চেষ্টাতেই জনতার হাতে ধরা পড়েছেন রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন নামের দুই যুবক। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙেন রাসেল ও মিজান। পরে হাইড্রলিক তালা ভাঙার সময় সন্দেহ হলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। পরে তাদের দঁড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেওয়া হয়। পুলিশে সোপর্দ করার সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত দুটি বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।
আটক রাসেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে এবং কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরজন মিজান হোসেন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, “আমি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলাম। ফিরে এসে দেখি ঘাড়ের তালা ভাঙা, আর স্থানীয়রা দুইজনকে ধরে রেখেছে।”
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন