বরিশালে জামিনে মুক্ত যুবলীগ নেতার হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত।
বরিশালে জামিনে মুক্ত হয়ে ফিরে আসা এক যুবলীগ নেতার নেতৃত্বে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বিএনপির ছয় নেতাকর্মী। আহতরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে রবিবার (৪ মে) গভীর রাতে বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনি এলাকায়। অভিযোগ রয়েছে, স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্ত যুবলীগ কর্মী আলআমিনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, শ্রমিক দলের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা এবং কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।
ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদমারী এলাকার বাসিন্দা এবং যুবলীগের ১১ নম্বর ওয়ার্ড শাখার সদস্য আলআমিন ও তার সহযোগীরা এই হামলার নেতৃত্ব দেন। স্থানীয়ভাবে ‘আলআমিন বাহিনী’ নামে পরিচিত এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, “সরকার বদলালেও এলাকায় সন্ত্রাসী আলআমিন বাহিনীর দৌরাত্ম্য আগের মতোই চলছে। মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এই হামলা হয়েছে।” তিনি আরও জানান, আলআমিন দীর্ঘ ১৭ বছর ধরে সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এ ঘটনার পর আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত,এর আগেও ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একই এলাকায় মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা দিয়ে বিএনপির কর্মীদের ওপর হামলা চালিয়েছিলেন আলআমিন।সেই ঘটনায় কারাভোগ করলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের হামলা চালালেন তিনি।
মতামত দিন