ভারতে পাচারের সময় ১০ সোনার বারসহ যুবক গ্রেপ্তার।
যশোরের শার্শা উপজেলায় বাসযাত্রী এক ব্যক্তির কোমর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বাগআঁচড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৯২ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা। পুলিশ জানিয়েছে, সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তি শুভ ঘোষ (৩২), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ গ্রামের বাসিন্দা। তিনি বাস থেকে নামার পরই পুলিশের নজরে পড়েন। তল্লাশির একপর্যায়ে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় বারগুলো উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার শুভ ঘোষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠানো হবে এবং উদ্ধারকৃত সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।
মতামত দিন