অপরাধ
ছবি: সংগৃহীত

রামুতে ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি কাটা পা উদ্ধার।

কক্সবাজারের রামুতে ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) বিকেল ৫টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলী স্টেশন সংলগ্ন ব্রিজের পাশ থেকে পা’টি উদ্ধার করা হয়।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, পথচারীরা ব্রিজের পাশে পলিথিনে মোড়ানো কিছু দেখে সন্দেহ হলে তাকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা’টি উদ্ধার করে।

উদ্ধার হওয়া ডান পা’টি হাঁটু নিচ থেকে কাটা ছিল এবং এতে ব্যান্ডেজ মোড়ানো ছিল। স্থানীয়রা জানায়, পা’টি দেখে মনে হয়েছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং ব্রিজের পাশ থেকে পলিথিনে মোড়ানো কাটা একটি পা উদ্ধার করি। পায়ের গঠন ও ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে এটি চিকিৎসাজনিত প্রক্রিয়ায় কাটা হতে পারে, তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

তিনি আরও জানান, উদ্ধার করা পা ফরেনসিক পরীক্ষার জন্য পিটিআই’র বিশেষজ্ঞ দলের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে পা’টি কীভাবে, কোথা থেকে এবং কেন ফেলে যাওয়া হয়েছে।

মতামত দিন