অপরাধ
ছবি: সংগৃহীত

তাহিরপুরে দুই ছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় চাচা আহত।

সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় এক ছাত্রীর চাচাকে মারধর করে তারা।

এ ঘটনায় তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসা রাস্তায়। গত ২৮ এপ্রিল এ ঘটনার পর ভুক্তভোগীর চাচা তাহিরপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন—বালিজুরী নয়াহাটি গ্রামের মেহেদী হাসান (২৫), হিমেল (২২), মারুফ মিয়া (২১), তৌশিক মিয়া (২২) ও রকি (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মাদ্রাসা ছুটির পর ফেরার পথে ছাত্রীদের পথরোধ করে বখাটেরা। এ সময় অশ্লীল অঙ্গভঙ্গি করে তাদের উত্ত্যক্ত করা হয়। বিষয়টি টের পেয়ে এক ছাত্রীর চাচা এগিয়ে গেলে তাকে মারধর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে ভয়ে ছাত্রী দুজন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল হারিছ উদ্দিন বলেন, ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাটি যাচাই করি এবং থানাসহ উপজেলা প্রশাসনকে জানাই।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে, মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন