অপরাধ
ছবি: সংগৃহীত

যৌথবাহিনীর অভিযানে ২৫৯ জন আটক, উদ্ধার হয়েছে অস্ত্র ও মাদক।

সারা দেশে চলমান যৌথবাহিনীর অভিযানে গত ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২৫৯ জন অপরাধীকে আটক করা হয়েছে। শনিবার (৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, প্রতারণাকারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্য। অভিযানে উদ্ধার হয়েছে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৪টি গোলাবারুদ, হাত বোমা, ককটেল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোটরসাইকেল, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, অবৈধ ওষুধ এবং নগদ অর্থ।

এছাড়া, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়েছে। শিল্পাঞ্চলে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে চলমান অস্থিরতা প্রশমনের জন্য গঠনমূলক মতবিনিময় ও সমঝোতার ব্যবস্থা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে কোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে অনুরোধ করা হচ্ছে।

মতামত দিন