অপরাধ
ছবি: সংগৃহীত

ভাই হত্যার প্রতিশোধে ছলচাতুরিতে ডেকে নিয়ে ছানা মাঝিকে পিটিয়ে হত্যা।

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দির মধ্য মাকহাটি গ্রামে ২৭ বছর আগে ভাই হত্যার প্রতিশোধ নিতে ছলচাতুরির মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ছানা মাঝি (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ছানা মাঝি সাবেক এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারী বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, ৫ আগস্টের পট পরিবর্তনের পর ছানা মাঝি ও তার সাত ভাই নিরাপত্তার কারণে নিজ গ্রাম ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। গত ৯ মাস ধরে তিনি সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ড্যাগ্রাপাড়া গ্রামে পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৩টার দিকে পূর্বপরিচিত স্বাধীন নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বাবু মাঝিদের বাড়িতে ডাকাত ঢুকেছে এবং স্থানীয়রা এক ‘ডাকাত’কে পিটিয়ে হত্যা করেছে।

রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ছানা মাঝির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার দেহের পাশে একটি একনালা শটগান ও দুটি কার্তুজ পাওয়া যায়।

ওসি আরও জানান, ১৯৯৮ সালে একই এলাকার বাবু মাঝির ভাই সিপন মাঝি হত্যা মামলার আসামি ছিলেন ছানা মাঝি ও তার ভাইয়েরা। পরে তারা মামলায় খালাস পান। ধারণা করা হচ্ছে, সেই হত্যার প্রতিশোধ নিতেই বাবু মাঝির পক্ষের লোকজন ছানাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে, পরে ঘটনাটিকে ডাকাত সন্দেহে গণপিটুনি হিসেবে চালিয়ে দেয়।

এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম স্বামীর হত্যার বিচার দাবি করেছেন।

মতামত দিন