অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ করে স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় দাবি ৫ লাখ মুক্তিপণ।

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণকারী বন্ধু পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

ঘটনাটি ঘটে গত ৩০ এপ্রিল, উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব আলোনিয়ার সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির দীর্ঘদিনের বন্ধু। সেই সুবাদে হুমায়ুনের শামীমের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। এক পর্যায়ে শামীমের স্ত্রীর প্রতি কুনজর পড়ে তার।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, গত মঙ্গলবার শামীমকে ফাঁদে ফেলে অপহরণ করে হুমায়ুন। পরে তাকে গুদারাঘাট বাজারের একটি নির্জন দোকানঘরে আটকে রাখা হয়। রাতে শামীমের স্ত্রী সাদিয়া খোঁজাখুঁজি শুরু করলে হুমায়ুন নিজেই বাড়িতে গিয়ে তাকে জানায়, স্বামীকে ফিরে পেতে হলে তাকে (হুমায়ুনকে) সঙ্গ দিতে হবে। প্রস্তাব প্রত্যাখ্যান করলে হুমায়ুন মুক্তিপণ হিসেবে দাবি করে পাঁচ লাখ টাকা।

সাদিয়া শেষ পর্যন্ত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনকে আটক করে এবং তার দেখানো মতে দোকানঘর থেকে শামীমকে উদ্ধার করে। আহত অবস্থায় শামীমকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, হুমায়ুনসহ একটি চক্র এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, “৯৯৯-এ কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। শামীমকে উদ্ধার এবং হুমায়ুনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন