অপরাধ
ছবি: সংগৃহীত

দুদক পরিচয়ে ফোন এলে সতর্ক হোন: প্রতারণা চক্রের বিষয়ে সতর্ক করলেন মহাপরিচালক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন, দুদকের চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। ওই চক্রটি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অভিযোগ নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আক্তার হোসেন বলেন, ‘দুদক পরিচয়ে যদি কোনো কল আসে, নিশ্চিতভাবে ধরে নিতে হবে এটি প্রতারক চক্রের কাজ। কারণ দুদকের কোনো কর্মকর্তা কখনোই অভিযোগ নিষ্পত্তির জন্য কাউকে ফোন করেন না। কোনো অভিযোগের বিষয়ে যদি আপনার সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয়, তা কেবল লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে। ফোন করে কখনোই কাউকে দুদক অফিসে আসার জন্য বলা হয় না।’

তিনি জানান, তার নিজের নাম ও ছবি ব্যবহার করেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে। বিশেষ করে সংবাদ সম্মেলনের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে প্রতারণার চেষ্টা চলছে।

মহাপরিচালক বলেন, ‘চক্রটি দুদক চেয়ারম্যান ও অন্য শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করছে। হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভুয়া প্রোফাইল তৈরি করে নানা ধরনের প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগ আমরা পেয়েছি।’

তিনি আরও জানান, এ ধরনের কোনো ঘটনা নজরে এলে দুদকের জেলা বা সমন্বিত কার্যালয়, প্রধান কার্যালয় কিংবা হটলাইন ১০৬-এ তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে স্থানীয় থানায় অভিযোগ করতেও আহ্বান জানান তিনি।

আক্তার হোসেন বলেন, ‘এই প্রতারক চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

মতামত দিন