কুমিল্লায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৯ জন আটক।
কুমিল্লায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন— মো. রুবেল (৩৫), হুমায়ুন কবির (৪৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) ও মো. রফিউল আলম শাফি (২০)।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সম্প্রতি কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের কার্যক্রম আবারও বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংগুলোর প্রতিরোধে গত শনিবার রাতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান শুরু হয়, যা রোববার ভোর পর্যন্ত চলে।
অভিযানে প্রথমে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন।
এছাড়া, কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। সেখানে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন এবং অন্যান্য বিপুল অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা দ্রব্যের মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ এবং নগদ অর্থ।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া, অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন