১০ বছর পালিয়ে থাকা ছিনতাই মামলার আসামি বিল্লাল গ্রেপ্তার।
ছিনতাইয়ের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন (৩২) দীর্ঘ ১০ বছর পালিয়ে ছিলেন। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, ২০১৪ সালে মতিঝিল থানায় করা একটি ছিনতাই মামলায় আদালত বিল্লালকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ কমলাপুর রেলস্টেশনে অভিযান চালায় এবং সেখান থেকে বিল্লালসহ তাঁর সহযোগী মো. সোহাগ (৩০) কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিল্লালের বিরুদ্ধে রাজধানীর শাজাহানপুর, মুগদা থানা ছাড়াও বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধেও রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
মতামত দিন