সারা দেশে পুলিশের অভিযানে ১,৬৪২ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৭২ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আজ শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের বিপজ্জনক অস্ত্রও উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাঁচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি।
পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
মতামত দিন