গাবতলীতে বিএডিসির শত কোটি টাকার জমি দখলে, গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড।
রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদন খামারের প্রায় তিন বিঘা জমি দখল করে ট্রাকস্ট্যান্ড গড়ে তুলেছে আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। প্রথমে এক বিঘা জমি দখলের মাধ্যমে শুরু হলেও মাসখানেকের মধ্যে দখল বেড়ে এখন তিন বিঘায় পৌঁছেছে।
বিএডিসির তথ্যমতে, গাবতলীর মাজার রোড সংলগ্ন বীজ উৎপাদন খামারের এই জমি মেট্রোরেল প্রকল্পের মালামাল সংরক্ষণের জন্য পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। গত বছরের জুন মাসে ইজারার মেয়াদ শেষ হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ জমি আনুষ্ঠানিকভাবে বিএডিসির কাছে হস্তান্তর করেনি। এই ফাঁকেই জমি বেদখলের ঘটনা ঘটছে বলে জানা গেছে। বর্তমানে দখল হওয়া জমির বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
খামারের জ্যেষ্ঠ সহকারী পরিচালক কামরুল হাসান খান জানান, গত ২৩ মার্চ শ্রমিক ইউনিয়নের ব্যানারে সরকারি দেয়াল ভেঙে প্রথম দফায় এক বিঘা জমি দখল করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে দারুস সালাম থানাকে জানানো হলেও পুলিশ প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়ে পরে আর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে দখলদাররা আরও বেশি জমি দখলের সাহস পায়।
সরেজমিনে গত রোববার বীজ উৎপাদন খামারে দেখা গেছে, মেট্রোরেল নির্মাণকাজের ইয়ার্ডের পশ্চিম পাশে মসজিদসংলগ্ন সরকারি দেয়াল ভেঙে নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা দিয়ে সারি সারি মিনি ট্রাক জমির ভেতরে পার্কিং করা হচ্ছে। ভেতরে থাকা পরিবহনশ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে জমি অব্যবহৃত থাকায় তারা এটি ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহার করছেন।
বিএডিসির কর্মকর্তারা বলছেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি বারবার অবহিত করা হলেও এখনো জমি দখলমুক্ত করতে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দখলের বিস্তৃতি ঠেকানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন