অপরাধ
ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক।

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

রোববার (২৫ মে) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, শনিবার চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল মীরসরাই থানার সরকার টোলার সামনে মাহি এন্টারপ্রাইজ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সেখানে যানবাহন তল্লাশির সময় একটি পিকআপ আসতে দেখে সেটিকে থামানোর সংকেত দেয় র‌্যাব সদস্যরা।

পিকআপটি চেকপোস্টে থামলেও গাড়ির দুই আরোহী পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা দ্রুত তাদের ধরে ফেলতে সক্ষম হন।

পরবর্তীতে পিকআপে তল্লাশি চালিয়ে দুইটি বস্তা ও পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা এবং  ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে,কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের মীরসরাই  থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন