অপরাধ
ছবি: সংগৃহীত

সরিষাবাড়ী হাসপাতালে দুদকের অভিযান, অনিয়ম উদঘাটন।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে রোগীদের খাবার সরবরাহে বড় ধরনের অনিয়মসহ ওষুধ বিতরণ ও ঠিকাদারি কার্যক্রমে বিভিন্ন গাফিলতির চিত্র উঠে এসেছে।

শনিবার (২৪ মে) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান পরিচালনা করেন দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মো. আতিউর রহমান।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত ২১০ গ্রামের পরিবর্তে  মাত্র ১১২ গ্রাম মুরগির মাংস সরবরাহ করা হচ্ছে। এছাড়া, ওষুধ বিতরণেও অনিয়ম ও ঠিকাদারি কাজে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

অভিযান প্রসঙ্গে মো. জিহাদুল ইসলাম জানান, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে প্রথমে তারা রোগী ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও শাখা ঘুরে দেখেন এবং অনিয়ম চিহ্নিত করেন। পরবর্তীতে এসব অনিয়মের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ  বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানী হাসপাতালে অনুপস্থিত ছিলেন। তখন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নুরে আলম সৈকত দুদক কর্মকর্তাদের তথ্য সরবরাহ করেন।

দুদকের এ অভিযানকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

মতামত দিন