অপরাধ
ছবি: সংগৃহীত

দিনাজপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে কুপিয়ে হত্যা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন।একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও এক প্রতিবেশী।

শুক্রবার (২৩ মে) রাতে ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত সামিয়েল মার্ডি (৩৮) দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। বেশ কিছুদিন আগে তার স্ত্রী মিনি হাসদা (৩৬) স্বামীর সঙ্গে বিরোধের জেরে বাবার বাড়িতে চলে যান।

শুক্রবার রাতে সামিয়েল হঠাৎ শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমে শাশুড়ি বাহা বেসরাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কু (৩৬) আক্রমণের শিকার হন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ড ঘিরে চরম উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মতামত দিন