পিরোজপুরে ছাত্রদল কর্মীকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুলিশের ভ্যানে থাকা অবস্থায় জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি কবির জোমাদ্দার (২৮), পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত একটি বিবাদের ঘটনায় মোর্শেদা বেগম নামে এক নারী ৯৯৯-এ ফোন করলে ভান্ডারিয়া থানা থেকে এসআই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে থেকে কবির জোমাদ্দারকে আটক করে পুলিশ।
তাকে থানায় নিয়ে যাওয়ার পথে মঞ্জু মার্কেট এলাকায় পুলিশের গাড়ি থামিয়ে স্থানীয় কয়েকজন তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এসআই মানিক ও কনস্টেবল মানস কুমার দাস আহত হন।
ছিনিয়ে নেওয়ার মুহূর্তে কবির জোমাদ্দার ফেসবুক লাইভে এসে নিজেকে ছাত্রদল নেতা দাবি করে পুলিশের প্রতি নানা হুমকি দেন বলেও জানিয়েছে পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার জানান, পুলিশের কাজে বাধা, হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। একইসঙ্গে জমি জবরদখলের অভিযোগে আরেকটি মামলাও দায়ের করা হয়েছে।

মতামত দিন