অপরাধ
ছবি: সংগৃহীত

সাভারে রঙ মিস্ত্রিকে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার সাংবাদিক পরিচয়ধারী মেহেদী হাসান।

সাভারের ব্যাংক কলোনি এলাকায় মো. শাহীন (২৬) নামের এক রঙ মিস্ত্রিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগে মেহেদী হাসান (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার (২৩ মে) সকালে নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ। তিনি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় মো. শাহীনকে গুলি করে হত্যা করে পালিয়ে যান মেহেদী। ঘটনার পর নিহতের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ও র‍্যাব-৪ যৌথভাবে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, একটি সাদা গেঞ্জি পরা ব্যক্তি গুলি করে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করছেন। তদন্তে সেই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়—তিনি মেহেদী হাসান।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শাহীন বরুনের গ্যারেজে পরিবহনে রঙ মিস্ত্রির কাজ করতেন।সেখানে প্রায়ই মাদক ও জুয়ার আসর বসতো, যেখানে নিয়মিত যাতায়াত ছিল মেহেদীর। এক আসরে শাহীনের সঙ্গে কথাকাটাকাটির জেরে দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরবর্তীতে এই হত্যাকাণ্ডে গড়ায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের ভাই জাহিদ হাসান জানান, “মেহেদীকে টঙ্গীর তারগাছ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডে জড়িত কিনা জানি না, তবে তাকে এই অভিযোগেই আটক করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, মেহেদী বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য এবং একসময় সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। সাংবাদিক পরিচয়ে তিনি দৈনিক আল মোজাদ্দেদ পত্রিকায় কাজ করতেন বলেও উল্লেখ  করেন জাহিদ।

পুলিশ জানিয়েছে, মেহেদী হাসানই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সরাসরি বাস্তবায়নকারী। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মতামত দিন