অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাককর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক।

গাজীপুর মহানগরের সালনা ইপসা গেট এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার নারী শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম শারমিন আক্তার। তিনি ময়মনসিংহ জেলার লক্ষ্মীপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় স্থানীয় জাহাঙ্গীর আলমের বাসায় ভাড়া থাকতেন এবং প্রীতি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

শারমিনের স্বজনরা জানান, কাজ শেষে রাত ১১টার দিকে বাসায় ফেরার সময় বাড়ির কাছেই তার স্বামী মোজাম্মেল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পারিবারিক  কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই ঘাতক স্বামী মোজাম্মেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন