যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা।
যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০)। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামের একটি বাড়িতে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মৎস্য ঘের নিয়ে চলমান বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।নিহতের একটি মাছের ঘের ছিল বাড়েদা গ্রামে, যার মালিকানা ও লভ্যাংশ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তরিকুল ইসলামকে সুপরিচিত পিল্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নেয়। সেখানে কথিত ‘হারির টাকা’ বা ঘের ভাড়া সংক্রান্ত চুক্তি নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উপস্থিত ৬-৭ জন দুর্বৃত্ত তরিকুলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে হামলাকারীদের ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভয়নগর থানার পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।পিল্টু বিশ্বাসের পরিবারের সদস্যরাও ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই মাছের ঘের ঘিরে এলাকায় উত্তেজনা চলছিল।এর আগেও কয়েক দফা হুমকি ও হামলার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মতামত দিন