অপরাধ
ছবি: সংগৃহীত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল জব্দ।

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা আলী হোসেনের মালিকানাধীন একটি গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি ভিজিডি চাল জব্দ করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। সোমবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব চাল উদ্ধার করা হয়।

পরদিন মঙ্গলবার রাতে অবৈধ মজুদ ও কালোবাজারির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও অভিযানিক সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে অভিযান চালান লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং পুলিশ সদস্যরা।অভিযানে সরকারি বস্তায় থাকা ৫০ কেজি করে মোট ১০৪ বস্তায় ৫ হাজার ২০০ কেজি চাল জব্দ করা হয়।

গুদামটির মালিক মো. আলী হোসেন বিএনপির পিংনা ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখার সভাপতি।তিনি বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানকালে তিনি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন,“সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। ভবিষ্যতেও সরকারি চাল নিয়ে কেউ অবৈধ কার্যকলাপে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, উদ্ধার করা চাল পুলিশের হেফাজতে রয়েছে এবং অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন