অপরাধ
ছবি: সংগৃহীত

মাত্র ৩০ টাকা নিয়ে মতিঝিলে বন্ধুর হাতে বন্ধু খুন।

মাত্র ৩০ টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর মতিঝিলে এক বন্ধু অপর বন্ধুকে ছুরি মেরে হত্যা করেছে। নিহতের নাম মমিন।

অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীর জঙ্গী মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছে রাকিব।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিহত মমিন একটি দোকানে কাজ করতেন, আর রাকিব পরিচ্ছন্নতা কর্মী। তারা দুজনই বন্ধু। গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরও এক বন্ধু আলামিন মিলে মতিঝিলের এজিবি কলোনি ও আল হেলাল জোন থেকে আম পেড়ে কাঁচাবাজারে ৩৯০ টাকায় বিক্রি করেন। টাকাটা তিন ভাগে ভাগ করে আলামিনকে ১৩০ টাকা দিয়ে দিলে সে চলে যায়।

অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। এরপর রাত ৯টার দিকে মমিনকে ১০০ টাকা দিলে সে আরও ৩০ টাকা দাবি করে। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা আলাদা হয়ে যান।

পরদিন (১৩ মে) সকাল ১০টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ফের দেখা হলে ফের টাকা নিয়ে তর্ক বাঁধে। একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দিলে মমিন ইট তুলতে যায়। তখন রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় আঘাত করে।আহত অবস্থায় রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মমিনকে মৃত ঘোষণা করেন।এরপর রাকিব সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা হয়। তদন্তে রাকিবকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মতামত দিন