মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশুসহ ১৪ জন আটক।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৬০/৪১-আর এর কাছাকাছি বটতলা মোড় এলাকায় বিজিবির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি পুরুষকে আটক করে। তারা অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন।
একই সময় কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৪৫-আর সংলগ্ন মাঠের মধ্যে থেকে আরও ১১ জনকে আটক করে। তাদের মধ্যে এক পুরুষ, আটজন নারী ও দুজন শিশু রয়েছে।
বিজিবির কর্মকর্তা জানান, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন