মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা।
মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জের ধরে মিতু আক্তার (৩২) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর রাতে স্বামী সুমন মিয়া থানায় এসে আত্মসমর্পণ করেন।
সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে মিরকাদিম পৌরাসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিতু আক্তার ওই এলাকার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। তার স্বামী সুমন মিয়া একই এলাকার শরিয়তউল্লা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সুমন ও মিতুর বিয়ে প্রায় আট মাস আগে হলেও তাদের মধ্যে পারিবারিক কলহ ও ঝগড়াঝাঁটি ছিল নিয়মিত। নিহত মিতুর পূর্বের একটি বিয়ে থেকেও তিন সন্তান রয়েছে। অপরদিকে, সুমন মিয়াও এটি তার দ্বিতীয় বিয়ে।
কিছুদিন আগে চলমান দ্বন্দ্বের কারণে মিতু তার বাবার বাড়িতে চলে যান।গত রাতে তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে।সেদিন রাতেই সুমন মিয়া ও তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করার পর স্বামী ধারালো বটি দিয়ে মিতুকে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে হত্যা করেন।
ঘটনার পর ভোর ৫টায় সুমন মিয়া মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, “স্বামী সুমন মিয়া পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পরে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
মতামত দিন