অপরাধ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে দুই বাসের চাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু, উত্তেজিত জনতার আগুন।

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় দুই বাসের সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে  আসা একটি লোকাল বাস নয়ন পরিবহনে ধাক্কা দিলে দুই বাসের মাঝে পড়ে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লোকাল বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ  ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন