অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরের সাবেক মেয়র রেন্টু চাকলাদার ও পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোরের সাবেক মেয়র ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (১৯ মে) বিকেলে যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সরকারি প্রকল্পের অর্থের অপব্যবহার করে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়েছেন। এসব অভিযোগ তদন্তে কমিশনের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে প্রাথমিকভাবে জানা যায় অভিযুক্ত তিনজনই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, যা তদন্ত প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই আশঙ্কায় কমিশনের অনুমোদনক্রমে  আদালতে নিষেধাজ্ঞার আবেদন করা হয় এবং আদালত তা গৃহীত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের গণআন্দোলনের পর থেকেই রেন্টু চাকলাদার ও তার পরিবার আত্মগোপনে রয়েছেন। তাদের দেশত্যাগের সম্ভাবনা ঘিরে এরই মধ্যে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

মতামত দিন