অপরাধ
ছবি: সংগৃহীত

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (১৯ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিদের মধ্যে রয়েছেন—নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া এবং তাদের তিন সন্তান: সাদ আল জাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।

দুদকের সহকারী পরিচালক সাজিদুর রোমান দুটি পৃথক আবেদনের মাধ্যমে এ ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালীন সময়ে যাতে তারা দেশত্যাগ করে পালাতে না পারেন, সে কারণেই এ নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত উক্ত আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে তদন্তাধীন অভিযোগের বিস্তারিত না জানানো হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

মতামত দিন