অপরাধ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে এসআইসহ দুই পুলিশ সদস্যের ওপর হামলা, দুই আসামি গ্রেফতার।

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে হত্যা মামলার তদন্তে গিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় দায়ের হওয়া মামলায় মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লা নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকাল ১১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

পুলিশ জানায়, রোববার (১৮ মে) বিকেলে রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাসেম বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এক হত্যা মামলার তদন্তে যান। এ সময় মামলার বাদীপক্ষ রাজাপুর মধ্যপাড়ায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের ফাঁকে উত্তেজিত লোকজন এজাহারভুক্ত আসামিদের বাড়িঘরে ভাঙচুর শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, কিছু লোক তাদের ওপর হামলা চালায়।হামলাকারীদের মধ্যে মনির হোসেন হাতে থাকা ইট দিয়ে ও মোসলেম মোল্লা লোহার রড দিয়ে এসআই সাব্বির হোসেনকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫–৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরপর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মনির হোসেন ও মোসলেম মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন