উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতীর ১০টি গ্রাম প্লাবিত।
উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ১০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। রোববার (১৮ মে) ভোররাতে আকস্মিক পাহাড়ি ঢলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
বাঁধ ভেঙে নদীর পানির তোড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট প্লাবিত হয়েছে। নদীতীরবর্তী সড়কও ধসে পড়েছে, ফলে ওই অঞ্চলে যান চলাচল বন্ধ রয়েছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে।
প্রান্তিক কৃষকরা জানিয়েছেন, হঠাৎ এ ঢলে বোরো মৌসুমের ফসল ও সঞ্চিত ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।এতে তাদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে।
পানির স্তর আরও কমলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে বাঁধ সংস্কার না হওয়া পর্যন্ত প্লাবিত এলাকায় দুর্ভোগ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন