চাকরি ফেরতের দাবিতে প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা চাকরি ফেরতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পরিবার নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং একপর্যায়ে জাহাঙ্গীর গেটের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দিলে সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ চালিয়ে যান তারা।
বিক্ষুব্ধদের অভিযোগ, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এখন তারা সরকারের কাছে চাকরি ফেরতের দাবি জানাচ্ছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক তৌকির আহমেদ জানান, এখনো প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
মতামত দিন