ঈদের দিন চলাচল করবে যেসব ট্রেন: জানাল বাংলাদেশ রেলওয়ের।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন (প্রথম দিন) দেশের বেশিরভাগ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে নির্দিষ্ট কয়েকটি ট্রেন সীমিতভাবে চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৭ মে) রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলে শুধুমাত্র ১নং আপ ও ২নং ডাউন ‘চট্টগ্রাম মেইল’ এবং ৫৫ আপ ও ৫৬ ডাউন ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেন দুটি চলবে। বাকিসব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস,কমিউটার ও লোকাল ট্রেন ওইদিন বন্ধ থাকবে।
তবে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়ায় বরাবরের মতো এবারও বিশেষ ট্রেন চলবে।
অন্যদিকে, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ঈদের দিন সব আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। কেবলমাত্র ২৫ নম্বর ‘নকশি কাঁথা’ ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলবে।
ঈদে রেলসেবা সীমিত রাখার এই সিদ্ধান্ত যাত্রীচাপ ও অপারেশনাল বাস্তবতার আলোকে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঈদের আগের ও পরের দিনগুলোতে ট্রেন চলাচল আগের মতোই স্বাভাবিক থাকবে।
মতামত দিন