জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১৮ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাস খাদে পড়ে গেলে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার অভিযান চলছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের তন্দ্রা বা যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ মহাসড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

মতামত দিন