উত্তরায় ট্রেনে কাটা পড়ে পুলিশের এসআই নিহত।
রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে কে এম মুনসুর আলী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুনসুর আলী দক্ষিণখান থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারের সঙ্গে পল্লবীর বাইগারটেক এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম সানোয়ার আলী।
ঘটনার বিষয়ে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জানান, রাতে মুনসুর আলী উত্তরা আজমপুরের মধ্যপাড়া এলাকায় রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে রেলওয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে এবং রোববার (১৮ মে) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

মতামত দিন