ধানমন্ডির ২৭ নম্বর সড়কের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’।
রাজধানীর ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’ রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (১৭ মে) সড়কের নতুন নামফলক উন্মোচন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা।
ফলক উন্মোচন শেষে ডিএসসিসি প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনের সংগ্রামে প্রাণ দিয়েছেন। তার নামে এই সড়কটি নামকরণ করা আমাদের দায়িত্বের অংশ।” তিনি আরও বলেন, “শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে চলছি।”
ফারহানের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, “ছেলে হারানোর বেদনা চিরস্থায়ী। তবে তার স্মৃতিকে ধারণ করে এই নামকরণ কিছুটা সান্ত্বনা দেয়। আমি অন্তর্বর্তী সরকার এবং ডিএসসিসিকে ধন্যবাদ জানাই।”
এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, “২০২৪ সালের ১৮ জুলাই এই সড়কেই ফারহান ফাইয়াজ গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। সে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের কাতারের যোদ্ধা।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ফারহান ফাইয়াজসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অন্যান্য ছাত্রদের স্মরণেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

মতামত দিন