জাতীয়
ছবি: সংগৃহীত

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় রোববার (১৮ মে) দুপুর ১২টায় তারা থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন।

এর আগে বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। কর্মসূচি থেকে সাম্য হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

প্রতীকী কর্মসূচিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার আশ্বাস দেন।

এদিকে, থানা ঘেরাও চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে সাম্য হত্যার তদন্ত ও বিচারসংক্রান্ত অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মতামত দিন