আনসার-ভিডিপি দুর্যোগ ব্যবস্থাপনায় জনআস্থার প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার গাজীপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতায় এই বাহিনী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশের শিল্পকারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছেন। পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, বন্যা মোকাবিলা ও দুর্যোগকালীন পুনর্বাসনেও বাহিনীটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
দেশ গড়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেড় দশকের বেশি ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং সেই যাত্রায় আনসার-ভিডিপির ভূমিকা অপরিসীম।
মতামত দিন