সেতু সংস্কারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট,ঘণ্টার পর ঘণ্টা আটকা যাত্রীরা।
লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলায় আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দিয়েছে। সোনারগাঁ থেকে শুরু হয়ে মেঘনা ব্রিজ ছাড়িয়ে গজারিয়া পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে এই জট।
এক লেন বন্ধ রেখে কাজ চলায় শত শত বাস, ট্রাক ও প্রাইভেটকার ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে পড়ে আছে। অনেকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন। নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
ট্রাকচালক ওবায়দুল মিয়া জানান, সকাল ৯টা থেকে দাউদকান্দি পার হওয়ার পর থেকেই আটকে আছেন। যাত্রী বৃষ্টি পোদ্দার বলেন, মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতে আড়াই ঘণ্টা লেগে গেছে, গুরুত্বপূর্ণ অফিস মিটিং মিস হয়েছে। প্রাইভেটকার চালক রাব্বানি জানান, স্বাভাবিক সময়ে ৮-১০ মিনিটের মেঘনা ব্রিজ পার হতে সময় লেগেছে আড়াই ঘণ্টা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন